অ্যাপলের বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ উন্মোচন হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোয় অবস্থিত অ্যাপল পার্কে বার্ষিক ইভেন্টটির আয়োজন করা হবে বলে জানিয়েছে অ্যাপল। ইভেন্টে প্রযুক্তি জায়ান্টটি আইফোন ১৭ সিরিজের সঙ্গে নতুন অ্যাপল ওয়াচ এবং অন্যান্য নতুন ডিভাইসও উন্মুক্ত করবে।
অ্যাপল সাধারণত নতুন পণ্য প্রকাশের আগে বিস্তারিত তথ্য জানায় না, তবে ২০১২ সাল থেকে সেপ্টেম্বরেই নতুন আইফোন উন্মোচন হয়ে আসছে। এআইয়ের যুগে যেখানে প্রযুক্তিগত প্রতিযোগিতা বাড়ছে এবং ক্রেতারাও খরচ কমানোর দিকে ঝুঁকছে, সেখানে অ্যাপলের নতুন পণ্যগুলোয় গ্রাহকদের প্রতিক্রিয়ার জন্য ওয়াল স্ট্রিটের বিশেষজ্ঞরা খুব সতর্কভাবে নজর রাখছেন। খবর সিএনএন








