কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠক: আসন্ন জাতীয় নির্বাচনে পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা

ছবি : পিআইডি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ সমর্থন চান। এ সময় তিনি বলেন, ‘আমাদের গণতান্ত্রিক রূপান্তর ও আসন্ন সাধারণ নির্বাচনে আপনারা সমর্থন দেবেন বলে আশা করি।’

তিনি কমনওয়েলথ মহাসচিবকে বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহের জন্য ধন্যবাদ জানান এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জবাবে কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন, বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন-পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবে কমনওয়েলথ। বোচওয়ে বলেন, ‘কমনওয়েলথের ৫৬টি দেশ, যেখানে জি-৭ ও জি-২০-এর সদস্যরাও অন্তর্ভুক্ত, যাদের হাতে বিপুল সম্পদ রয়েছে। এ দেশগুলো একে অন্যকে শক্তিশালী করতে সেই সম্পদ ব্যবহার করতে পারে।’

মহাসচিব আরো জানান, তিনি দেশের গুরুত্বপূর্ণ সব অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন, যার মধ্যে রয়েছেন প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার। বাংলাদেশকে নিয়ে তিনি বলেন, ‘দেশের ভবিষ্যৎ নিয়ে আমি খুব আশাবাদী।’

মহাসচিব নিশ্চিত করেন, আসন্ন নির্বাচনের আগে পর্যবেক্ষক দল পাঠানোর জন্য কমনওয়েলথ প্রস্তুতি নিচ্ছে। বৈঠকে দুই নেতা তরুণদের ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি, সামাজিক ব্যবসা সৃষ্টি এবং বেকারত্ব, কার্বন নির্গমন ও বৈষম্য হ্রাসের লক্ষ্য নিয়ে তিন শূন্য ভিশন বাস্তবায়ন সম্পর্কেও আলোচনা করেন।

এছাড়া এদিন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গেও বৈঠক করেছেন কমনওয়েলথ মহাসচিব।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বৈঠকের বিষয়ে কমনওয়েলথ মহাসচিব বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করে আমি আনন্দিত। আমরা সব বাংলাদেশী জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য আমাদের যৌথ প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা আরো গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছি।’

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন কমনওয়েলথ মহাসচিব। এ সময় মানবাধিকার ও নির্বাচন নিয়ে আলোচনা করেন তিনি। ফেসবুকে পোস্টে বোচওয়ে জানান, বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে একটি ফলপ্রসূ মতবিনিময় হয়েছে। যার মধ্যে মানবাধিকার জোরদার ও একটি সফল নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টি এসেছে।