সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড। কোম্পানিটি বর্তমান দামের সঙ্গে ৪১০ টাকা বাড়িয়ে নতুন মূল্য ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণের আবেদন করেছে।
রাষ্ট্রীয় কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির সুপারিশের ভিত্তিতে এই প্রস্তাব জমা দেওয়া হয়েছে।
বেসরকারি এলপিজির তুলনায় সরকারি গ্যাসের দাম কম থাকায় ক্রসফিলিং হচ্ছে এ কারণ দেখিয়ে মূল্য বাড়ানোর আবেদন করা হয়েছে।
এর আগেও গত বছরের সেপ্টেম্বরে সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব দেয় বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড।
সে সময় ক্রসফিলিং বন্ধ করা, ডিলার পর্যায়ে পরিবহন ব্যয় বৃদ্ধি, অপারেশন খরচ এবং বিভিন্ন চার্জ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয়েছিল। তবে সেই প্রস্তাবটি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নাকচ করে দেয়।











