পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না : জামায়াত আমির

সংগৃহীত

পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাজার ছেলে রাজা হবে, রানির মেয়ে রানি হবে—যোগ্যতা থাকুক আর না থাকুক তা আর দেখতে চায় না এদেশের জনগণ। মেধা ও যোগ্যতা থাকলে একজন রিকশাওয়ালাও রাষ্ট্রক্ষমতায় যেতে পারবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কুমিল্লা টাউনহল ময়দানে মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবকদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘কোনো যুবকের হাতে বেকার ভাতা তুলে দেব না। যুবকদের দেশ গড়ার কারিগরে পরিণত করবো। কর্মসংস্থান সৃষ্টি করে আমরা যুবকদের সম্মানের জায়গায় বসাতে চাই।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘৫ আগস্ট আল্লাহ তাআলার এক অশেষ নেয়ামত। আমরা প্রতিশোধপরায়ণ হবো না ঘোষণা দিয়েছিলাম। তবে ভিক্টিম পরিবার আইনি লড়াই করলে আমরা সহযোগিতা করবো। আমরা জুলাই শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছি, তাদের দুঃখের ভাগ নিয়েছি। জুলাই শহীদদের আত্মত্যাগের ফলেই আজ আমরা এই ময়দানে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি। শহীদদের স্বজনদের যখন দেখতে যাই, তখন তাদের চোখে পানি নয় বরং রক্ত দেখেছি।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘এদেশে সবচাইতে মজলুম দলের নাম জামায়াত। বিচারের নামে আর কোনো দলের কোনো সিনিয়র নেতাদের খুন করা হয়নি, অফিস তালা মেরে রাখা হয়নি, নিবন্ধন কেড়ে নেওয়া হয়নি, কোনো দলকে নিষিদ্ধ করা হয়নি। এগুলো চলেছে জামায়াতে ইসলামীর ওপর। গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।’

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মুহাম্মদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেত্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান। এসময় কুমিল্লা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহলুল, কুমিল্লা-৩ আসনের প্রার্থী ইউসুফ সোহেল, কুমিল্লা-৫ আসনের প্রার্থী ড. মোবারক হোসেন, কুমিল্লা-৮ আসনের প্রার্থী ড. শফিকুল আলম হেলাল, কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাহবুবুর রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ