ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, রাতভর উদ্ধার অভিযান

ছবি: সংগৃহীত

আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসরায়েলের হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একটি আবাসিক ভবন ধসে পড়েছে। রোববার রাতের এই হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে রাতভর অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।

স্থানীয় ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের স্টেশন কমান্ডার কোবি মিজরাহি জানান, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ভবনটিতে আঘাত হানলে সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরও জানান, দমকল বাহিনী পুলিশ, আইডিএফ হোম ফ্রন্ট কমান্ড এবং অন্যান্য জরুরি সেবা সংস্থার সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পুরো এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, একই সময়ে ইরানের বিভিন্ন স্থাপনাতেও হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে, যেখানে হতাহতের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো বিশেষ করে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে তার ‘সমান জবাব’ দেওয়া হবে। মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, এ ধরনের হামলা বেসামরিক জনগণকে ঝুঁকির মধ্যে ফেলবে এবং তা যুদ্ধাপরাধের উসকানি হিসেবে বিবেচিত হতে পারে।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতিকে দেশটির সাধারণ জনগণ সমর্থন করে না। একইসঙ্গে ইরান নিজেদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে হুমকি পুনর্ব্যক্ত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহুকে লক্ষ্য করে অভিযান অব্যাহত রাখা হবে।