চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের বৈঠকের বিষয়বস্তু জানান প্রতিমন্ত্রী।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি পাওয়া গেলে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে বৈঠক করা হবে। নির্বাচনের তফসিল ও তারিখ নির্বাচন কমিশনই নির্ধারণ করবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।
বৈঠকে বাংলাদেশের পানি সরবরাহ ব্যবস্থাপনায় ডেনমার্কের সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়। প্রতিমন্ত্রী জানান, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ডেনমার্ক সহযোগিতা করবে। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ করতেও দেশটির সহায়তা পাওয়া যাবে।
প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্ক সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে বাংলাদেশ সরকার।
মীর শাহে আলম বলেন, দীর্ঘ মেয়াদে পরিশোধের সুযোগ থাকায় এ সহায়তায় সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হবে না।
প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে বলেও জানান তিনি।
এ ছাড়া রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে বলেও বৈঠকে জানানো হয়।











