প্রধানমন্ত্রীর সভাপতিত্বে: জলবায়ু অর্থায়নে ২৫ সদস্যের জাতীয় কমিটি গঠন

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট ও কার্বন ট্রেডিং কার্যক্রমকে একটি সমন্বিত ও কার্যকর জাতীয় কাঠামোর আওতায় আনতে ২৫ সদস্যের ‘ন্যাশনাল কমিটি অন ক্লাইমেট ফাইন্যান্স’ (এনসিসিএফ) গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নবগঠিত এ কমিটির সভাপতি করা হয়েছে।পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। আর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব থাকবেন কমিটির সদস্যসচিব।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এ কমিটি জলবায়ু অর্থায়ন ও কার্বন ক্রেডিটসংক্রান্ত বাংলাদেশের জাতীয় রূপকল্প, লক্ষ্য এবং কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ করবে।

এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় পর্যায়ে প্রয়োজনীয় নীতিগত দিকনির্দেশনাও দেবে কমিটি।

প্যারিস চুক্তির আর্টিকেল-৬সহ বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গীকারের আলোকে দেশের কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়ন কাঠামো প্রণয়ন, অনুমোদন এবং বাস্তবায়নসংক্রান্ত বিষয়ে কমিটি পরামর্শ দেবে।

এ ছাড়া দেশে কার্বন ট্রেডিং কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিগত নির্দেশনা প্রদান এবং প্যারিস চুক্তির আর্টিকেল-৬ বাস্তবায়নে মনোনীত জাতীয় কর্তৃপক্ষের কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্বও নবগঠিত এই কমিটির ওপর থাকবে।