জাজিরা ইউনিয়নে তরুণদের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি

শরীয়তপুর জেলা জাজিরা থানা, জাজিরা ইউনিয়ন ও বড়ো কান্দি ইউনিয়নের দুটি সেবামূলক সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান সংগঠনের সেচ্ছাসেবীরা।

রবিবার (৫ এপ্রিল) সহযাত্রী সমাজকল্যাণ পরিষদ ও আলোকিত দূর্বাডাঙ্গার উদ্যোগে দূর্বাডাঙ্গা বাজারে মাদকবিরোধী র‍্যালি এবং আলোচনা সভা শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কর্মসূচি হিসেবে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতামূলক আলোচনা, ভবিষ্যতে নতুন প্রজন্ম শুরু থেকেই এ বিষয়ে সচেতন হতে পারে সেই বিষয়ে সতর্ক করা হয়েছে।

আয়োজকরা জানান, সমাজে ভালো কাজের প্রতিযোগিতা হোক। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একাত্ম বদ্ধ হয়ে কাজ করতে হবে।

আয়োজকরা আরো জানান, ভবিষ্যতেও ভালো কাজের ধারাবাহিকতা বজায় রেখে সমাজকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে। এলাকার সাধারণ মানুষ ও তরুণদের সহযোগিতা ও অনুপ্রেরণাই তাদের এই পথচলার সবচেয়ে বড়ো হাতিয়ার। আগামী সমাজ বিনির্মাণে তরুণদের সহযোগিতায় গড়ে উঠবে মাদকমুক্ত সমাজ।

উল্লেখ্য, গত প্রায় এক বছরে এসব এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় সচেতন মানুষের উদ্যোগে কয়েকজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হলেও মাদকের বিস্তার পুরোপুরি কমেনি। উদ্বেগজনক বিষয় হলো, নতুন করে অনেক তরুণ এই নেশার সঙ্গে জড়িয়ে পড়ছে। সেই বাস্তবতা থেকেই সমাজকে সচেতন করার লক্ষ্যে এই ধারাবাহিক সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীর এমন অংশগ্রহণ আয়োজকদের আরও অনুপ্রাণিত করেছে।

উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন, দিপু মাদবর, শেখ সালমান ফারসি, ফাইজুর, আমির হোসেন, জয়নাল আবেদীন, জীবন মাদবরসহ এলাকার অনেকে ছিলেন।