জুনের প্রথম ১৩ দিনে প্রবাসী আয় ১৩৬ কোটি ডলার

চলতি জুন মাসের প্রথম ১৩ দিনে দেশে এসেছে ১৩৬ কোটি ২২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয়, যা দৈনিক গড়ে প্রায় ১০ কোটি ৪৮ লাখ ডলারের সমান। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ২৯ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলার। একই সময়ে বেসরকারি ব্যাংকগুলো সবচেয়ে বেশি আয় সংগ্রহ করেছে- প্রায় ৮২ কোটি ৫৩ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ৪০ হাজার ডলার।

এর আগে মে মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ দাঁড়ায় ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ। তারও আগে মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা এখন পর্যন্ত একক মাসে সর্বোচ্চ রেকর্ড।

চলতি বছরের অন্যান্য মাসেও ধারাবাহিক প্রবাহ লক্ষ্য করা গেছে—এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা এক অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ।