ঢাবি শিবিরের নতুন সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিকুর

ঢাবি শিবিরের নতুন সভাপতি মহিউদ্দিন (বায়ে) এবং সেক্রেটারি আশিকুর (ডানে)

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডাকসুর এজিএস ও লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মুহা. মহিউদ্দিন খান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের একই সেশনের শিক্ষার্থী আশিকুর রহমান।

সোমবার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সদস্য সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এ ঘোষণা দেন।

একইসাথে সংগঠনটির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁনকে মনোনীত করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

প্রথমে ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহা. মহিউদ্দিন খানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মু. মহিউদ্দিন খান শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁনকে মনোনীত করেন।

এসএইচ