দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য তাঁর এই মুক্তির সময় নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডা. দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি জানান, বুধবার দুপুর ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলি নেওয়াজ মায়ের সঙ্গে দেখা করতে মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করেন। কারাগার থেকে বের হয়ে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে প্যারোলে মুক্তির আবেদনপত্র জমা দেন।

আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, আমরা চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছিলাম। তবে কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বামীর জানাজা ও দাফনে অংশ নেওয়ার লক্ষ্যেই ডা. দীপু মনির পক্ষে এই প্যারোলে মুক্তির আবেদন করা হয়। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন।

ইকোনমি/বাংলা