দেশে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়েছে সরকার। সম্পূর্ণ তৈরি অবস্থায় (সিবিইউ) এসব মোটরসাইকেল দেশে আনা যাবে। বাণিজ্য মন্ত্রণালয় নতুন ‘আমদানিনীতি আদেশ ২০২৬-২০২৯’-এর গেজেট প্রকাশ করার পর এ সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর হয়।
আগের ২০২১-২০২৪ সালের নীতিমালায় সম্পূর্ণ তৈরি অবস্থায় ১৬৫ সিসির ওপর ইঞ্জিনক্ষমতার বাইক আমদানিতে কড়াকড়ি ছিল। নতুন আদেশে সীমা বাড়িয়ে ৩৭৫ সিসি করায় দেশের বাজারে বৈশ্বিক ব্র্যান্ডগুলোর উচ্চ ও মাঝারি ক্ষমতার মোটরসাইকেল প্রবেশের সুযোগ তৈরি হলো। তবে বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্তের ফলে স্থানীয় সংযোজন ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো নতুন প্রতিযোগিতার মুখে পড়তে পারে।
নতুন নীতিমালায় ব্যবসা সহজীকরণে আরও বেশ কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। ব্যাংক ঋণপত্রের (এলসি) পাশাপাশি নির্দিষ্ট কোনো মূল্যসীমা ছাড়াই কেবল ক্রয়-বিক্রি চুক্তির মাধ্যমে শিল্প ও বাণিজ্যিক পণ্য আমদানির সুযোগ দেওয়া হয়েছে।
এছাড়া মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) ও সেন্ট্রাল বন্ডেড গুদাম প্রতিষ্ঠার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের দেশীয় শিল্পে বিনিয়োগের জন্য বিশেষ সুবিধা এবং রপ্তানিমুখী খাতের জন্য কাঁচামাল আমদানির প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে।











