বিমানবন্দর রেলওয়ে স্টেশন: নতুন মাদক এসকাফসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক:

 

ফেনসিডিলজাতীয় নতুন মাদক এসকাফ (Eskuf) সিরাপসহ তুষার (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৯৬ বোতল সিরাপ উদ্ধার করা হয়। প্রথমবারের মতো এই সিরাপ জাতীয় মাদক এসকাফ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রেলওয়ে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, “সে চাপাই নবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে এসকাফ সংগ্রহ করে ঢাকার উদ্দেশ্য নিয়ে এসেছে।”

তিনি বলেন, “এসকাফ সিরাপজাতীয় মাদক। ফেনসিডিলের মতোই কোডাইন ফসফেটসমৃদ্ধ সিরাপ। বোতলে করে ওষুধের মতো নিয়ে আসা হয়।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে পুলিশ—এমন বার্তা জানিয়ে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক খাইরুজ্জামান বলেন, “উচ্চবিত্ত কিংবা নিম্নবিত্ত, এটি আমাদের বিবেচ্য নয়। মাদক বিক্রেতা এবং মাদকসেবী উভয়কেই আমরা গ্রেপ্তার করছি। রাজধানীসহ সারা দেশে মাদকের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপপরিদর্শক খাইরুজ্জামান, উপ-পরিদর্শক ইয়ার হোসেনসহ আরো কয়েকজন কর্মকর্তা।