নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পুরানো পল্টন কলেজে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র আল-কুরআন ফ্রি বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। ইসলামের মহান আদর্শ প্রচার, কুরআনের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে পবিত্র কুরআনের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট রিন্টু আনোয়ার।
ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সাদিকুর রহমান আযহারী, সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমানী, অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহীন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদুদ্দিন মাদানীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন বলেন, “আমাদের লক্ষ্য কেবল কুরআন ফ্রি বিতরণ নয়; বরং মানুষের জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি করা। কুরআন একজন মানুষের জীবন বদলে দিতে পারে, আর একজন আদর্শ মানুষ একটি সমাজকে বদলে দিতে পারে।”
সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা লুৎফর রহমান বলেন, সমাজে কুরআনের চর্চা যত বৃদ্ধি পাবে, ততই নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও সামাজিক অস্থিরতা দূর হবে। তিনি সবাইকে কুরআনের শিক্ষা নিজে অনুসরণ করার পাশাপাশি অন্যের কাছেও তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা, ইনসাফ, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কুরআনের শিক্ষা অনুসরণের কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যেই আল ওয়াহদাহ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে দ্বীনি শিক্ষা, দাওয়াহ কার্যক্রম ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। ভবিষ্যতেও এ ধরনের ইসলামী শিক্ষা বিস্তার ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও ব্যাপক পরিসরে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
ইকোনমি/রুশ











