ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না

ছবি: সংগৃহীত

ব্যাংক হিসাব খোলা এবং নির্দিষ্ট কিছু দলিল নিবন্ধনের ক্ষেত্রে টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) জমা দেওয়ার প্রস্তাবিত বাধ্যবাধকতা থেকে সরে আসছে সরকার। জনমনে তৈরি হওয়া বিভ্রান্তির কথা বিবেচনায় নিয়ে এ প্রস্তাব প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে শিক্ষার্থীসহ কয়েকটি ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলার জন্য টিআইএন দাখিল বাধ্যতামূলক করার কথা বলা হয়েছিল। পাশাপাশি বণ্টননামা দলিল নিবন্ধন এবং সম্পত্তির দলিলের নামজারির (মিউটেশন) ক্ষেত্রেও টিআইএন জমা দেওয়ার বিধান প্রস্তাব করা হয়।

তিনি বলেন, এসব প্রস্তাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তাই অর্থমন্ত্রীকে এ সংক্রান্ত প্রস্তাবগুলো প্রত্যাহারের উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
শেনজেন ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, দূতাবাসের সতর্কবার্তা
এদিকে করদাতাদের জন্য আরও একটি ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আগামী দুই করবর্ষের জন্য করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করেন। এর আগে প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা রাখা হয়েছিল।