যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে এশিয়ায় পৌঁছাল ইরানি তেলবাহী জাহাজ

ছবি: সংগৃহীত

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কড়া নজরদারি ও অবরোধ উপেক্ষা করে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সফলভাবে পৌঁছে গেছে ইরানের একটি বিশাল সুপারট্যাংকার। প্রায় ২২০ মিলিয়ন ডলার (২২ কোটি ডলার) মূল্যের ১৯ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি দীর্ঘ সমুদ্রযাত্রা সম্পন্ন করেছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ট্যাংকার ট্র্যাকার্স ডটকম রোববার (৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (VLCC) শ্রেণির এই জাহাজটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ ভেঙে এশিয়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে। এক সপ্তাহ আগে শ্রীলংকার উপকূলে দেখা যাওয়া জাহাজটি বর্তমানে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি পার হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।

ট্যাংকার ট্র্যাকার্স আরও জানায়, গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ ঘোষণা করার সময় জাহাজটি ইরানি জলসীমায় ছিল। এরপর থেকে জাহাজটি তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (AIS) বন্ধ রেখে চলাচল করছে।

এদিকে, আল জাজিরার প্রতিবেদন অনুসারে, ২৯ এপ্রিল পর্যন্ত অন্তত ৫২টি ইরানি জাহাজ যুক্তরাষ্ট্রের অবরোধ লঙ্ঘন করেছে। বিপরীতে, যুক্তরাষ্ট্র দাবি করেছে, অবরোধ শুরুর পর তারা ইরান-সংশ্লিষ্ট ৪১টি জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে।

এ ঘটনা ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধের মধ্যেও তেহরানের সক্ষমতা দেখিয়ে দিয়েছে।