রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

সোমবার বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি মির্জা ফখরুল ইসলামকে নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম, বিচারকাজ পরিচালনা এবং বিচারাঙ্গনে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আলোচনাকালে প্রধান বিচারপতি বিচারাঙ্গনে অতিরিক্ত মামলার জট, প্রয়োজনীয় দক্ষ জনবলের ঘাটতি ও অবকাঠামোগত সংকটসহ নানা সমস্যার কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন এবং এসব সংকট নিরসনে তাঁর সহযোগিতা কামনা করেন। প্রধান বিচারপতি উল্লেখ করেন, প্রতিদিন যে পরিমাণ মামলা নিষ্পত্তি হচ্ছে, তার চেয়েও অধিক হারে নতুন মামলা দায়ের হচ্ছে। ফলে মামলার জট নিরসন করা প্রতিনিয়ত কঠিন হয়ে পড়ছে।

রাষ্ট্রপতি এ সময় মামলার জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (সালিশি ব্যবস্থা) এবং গ্রাম আদালত ব্যবস্থার সম্প্রসারণ ও কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিচার বিভাগের বিদ্যমান অন্যান্য সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

ইকোনমি/রুশ