পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে দুই অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ওবায়দুর রহমান। তিনি এতদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বও পালন করেছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ জেসমিন নাহারকে। সচিব পদে পদোন্নতির পর তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে বদলি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে সচিব পদে পদোন্নতি দিয়ে একই বিভাগে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।











