ভূমিকম্পের মতো বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি আরও জোরদার করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা কার্যক্রম পরিচালনা, উদ্ধার তৎপরতা এবং সরকারের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় দুর্যোগ মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠন, ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা, তাদের প্রশিক্ষণ দেওয়া এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।
বৈঠকে জানানো হয়, ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের ডাটাবেজ তৈরি করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আরও ৩০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করে পুরো কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
সভায় ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া সম্ভাব্য দুর্যোগের সময় সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় নিয়েও আলোচনা করা হয়। ঢাকা শহরে হিউম্যানিটারিয়ান স্ট্যাগিং এরিয়া (এইচএসএ) স্থাপনের বিষয়টিও সভায় গুরুত্ব পায়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম আবদুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











