সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলা বন্দরে মার্কিন জাহাজ

যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৪৫৭ টন গম নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ ‘এমভি ক্যালিপসো এন’।

বুধবার (১১ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বন্দরে আসা জাহাজের গমের নমুনা পরীক্ষার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে সরকারি পর্যায়ে (জিটুজি) আমদানিকৃত গম নিয়ে এই জাহাজটি বন্দরে ভিড়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকারি চুক্তির আওতায় এ পর্যন্ত জিটুজি-১ পর্যায়ে ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ টন এবং জিটুজি-২ পর্যায়ে ২ লাখ ৩০ হাজার ৩৯ টন গম দেশে পৌঁছেছে। বর্তমানে দেশে প্রতি বছর গমের চাহিদা প্রায় ৭০ লাখ টন। এর বিপরীতে দেশে উৎপাদন হয় প্রায় ১০ লাখ টন। ফলে চাহিদার বাকি অংশ মেটাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিদেশ থেকে গম আমদানি করতে হয়।