২৯ অক্টোবর রাষ্ট্রপতির ঠাকুরগাঁও-১ আসনে ভোট

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৭ সেপ্টেম্বর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি সচিব জানান, ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, ঠাকুরগাঁও; উপজেলা নির্বাচন কর্মকর্তা, রুহিয়া এবং আরেকজন উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, এবারও দেশের বাইরে অবস্থানরত ভোটারদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থা থাকবে। সর্বশেষ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে ৩৩টি দেশ থেকে ৩৮৬ জন ভোটার নিবন্ধন করেছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার নিবন্ধিত হয়েছিলেন সৌদি আরব থেকে। দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত ছিলেন ৪ হাজার ৪৫ জন। তাদের মধ্যে সরকারি চাকরিজীবী ছিলেন ২ হাজার ৭৩৫ জন।
গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের তৎকালীন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে সংসদ-সদস্য থাকতে পারেন না। কোনো সংসদ-সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের দিনই তার সংসদীয় আসন শূন্য হয়ে যায়।
এ ছাড়া সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। সেই সময়সীমার মধ্যেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন।
এদিকে আসনটি শূন্য ঘোষণার পর গত ৩০ আগস্ট জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
অন্যদিকে উপনির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সাল আমীন ও বড় মেয়ে মির্জা শামারুহর নাম আলোচনায় রয়েছে।