নতুন বছরের প্রথম দিনে সারা দেশের কোটি কোটি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন পাঠ্যবই। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলায় এবার কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা ‘বই উৎসব’ ছাড়াই সাধারণ নিয়মে বই বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকেই প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে বই সংগ্রহ করছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় শোকের কারণে এবার ব্যানার বা সাজসজ্জা থাকলেও কোনো উৎসব বা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানান, ১ জানুয়ারি রাষ্ট্রীয় শোক থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে এবং বই বিতরণ কার্যক্রম চলবে। তবে সকল শিক্ষক-শিক্ষার্থীকে কালো ব্যাজ ধারণ করে শোক পালন করতে হবে। কোনো আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই শিক্ষকরা সরাসরি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শতভাগ বই ইতিমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। এনসিটিবির তথ্যমতে, প্রাথমিকের জন্য এবার ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি বই ছাপানো হয়েছে।
অন্যদিকে, মাধ্যমিক স্তরের জন্য এবার ১৮ কোটি ৩২ লাখ ৮ হাজার ৬৯৩ কপি বইয়ের লক্ষ্যমাত্রা থাকলেও ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৬৬ শতাংশ বই উপজেলাগুলোতে সরবরাহ করা হয়েছে। এনসিটিবি সদস্য অধ্যাপক রিয়াদ চৌধুরী জানিয়েছেন, বছরের প্রথম দিন সকল শিক্ষার্থীর হাতে সব বই তুলে দেওয়া সম্ভব না হলেও, অবশিষ্ট বইগুলো দ্রুততম সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কাজ চলমান রয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক নির্দেশনায় বলা হয়েছে, বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণকালে সকল ধরনের আনুষ্ঠানিকতা পরিহার করে শুধুমাত্র নিয়মিত কার্যক্রম হিসেবে বই প্রদান করতে হবে। মাউশি কর্মকর্তারা জানিয়েছেন, দাফতরিক কাজে ব্যানার ব্যবহার করা গেলেও ‘বই উৎসব’ নামে কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।
এসএইচ











