ইরাকের বসরা উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বাগদাদে অবস্থিত ভারতের দূতাবাস এক বিবৃতিতে জানায়, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এবং মার্কিন মালিকানাধীন অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ‘সেফসি বিষ্ণু’ বসরা বন্দরের কাছে হামলার শিকার হয়। এতে দুর্ভাগ্যজনকভাবে একজন ভারতীয় ক্রু সদস্য প্রাণ হারান।
দূতাবাসের তথ্যমতে, ট্যাংকারে থাকা বাকি ১৫ জন ভারতীয় ক্রু সদস্যকে ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিহত নাবিকের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। উদ্ধার হওয়া নাবিকদের সহায়তা দিতে দূতাবাস ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
এর আগে ইরাকি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, বসরা প্রদেশের আল-ফাও বন্দরের কাছে দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নাবিক নিহত হন এবং মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, নিখোঁজদের খুঁজে বের করতে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরকবোঝাই একটি বোট ব্যবহার করে ট্যাংকার দুটিতে হামলা চালানো হয়, যার ফলে জাহাজগুলোতে আগুন ধরে যায়।
এই ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ইরাকের সব তেলবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম এখনো স্বাভাবিক রয়েছে।











