পশ্চিমবঙ্গে: আদালতে তোলা হলো হাদি হত্যার প্রধান ২ আসামিকে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে রোববার (২২ মার্চ) পশ্চিমবঙ্গের বিধাননগর বিশেষ আদালতে হাজির করা হয়েছে। ১৪ দিনের রিমান্ড শেষে বেলা ১২টার দিকে কড়া নিরাপত্তায় তাদের আদালতে তোলা হয়।

আদালত সূত্রে জানা গেছে, শুনানিকালে হাদি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ অভিযোগ অস্বীকার করে দাবি করেন যে, তিনি এই ঘটনার সাথে যুক্ত ছিলেন না। এর আগে সকালে তাদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করানো হয়। তবে সেখানে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি অভিযুক্তরা।

উল্লেখ্য, চলতি মাসের ৭ মার্চ দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশ ফয়সাল (৩৭) ও আলমগীরকে (৩৪) গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর এসটিএফ (STF) দাবি করেছিল যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছিলেন। অভিযুক্ত ফয়সালের বাড়ি বাংলাদেশের পটুয়াখালী এবং আলমগীরের বাড়ি ঢাকায়। তারা দুজনই মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে গত কয়েক মাস ধরে আত্মগোপনে ছিলেন।

এই দুই আসামিকে সীমান্ত পার হতে সহায়তা করার অভিযোগে গত ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বিশেষ টাস্ক ফোর্স। রিমান্ড শেষে গতকাল শনিবার ফিলিপকেও আদালতে তোলা হয়।

প্রেক্ষাপট: ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুই দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই অগ্রসেনানী মৃত্যুবরণ করেন।