বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা ও অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি নিষিদ্ধ করার পরিকল্পনা করছে রাশিয়া।
শুক্রবার দেশটির জ্বালানি মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় খসড়া প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক।
রুশ সংবাদমাধ্যম তাসের প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞা আগামী ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে। উপপ্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ওঠানামা চলছে। বিদেশের বাজারে রুশ জ্বালানির ব্যাপক চাহিদা থাকলেও, এই মুহূর্তে দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ক্রেমলিন।
রাশিয়া সরকার জানিয়েছে, বর্তমানে দেশটিতে তেল পরিশোধনের পরিমাণ গত বছরের মতোই স্বাভাবিক রয়েছে। তাই রপ্তানি বন্ধ থাকলে অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা সহজ হবে। উল্লেখ্য, গত বছর ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বেশ কিছু তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবং স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে এর আগেও কয়েকবার পেট্রোল ও ডিজেল রপ্তানি সাময়িক বন্ধ রেখেছিল মস্কো।
জ্বালানি বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ রাশিয়ার এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নতুন করে প্রভাব পড়তে পারে।











