হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন প্রস্তাব

নতুন করে সংঘাত এড়িয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে স্থিতিশীলতা ফেরাতে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ইরান, তবে এর জন্য একটি সমঝোতা চুক্তি প্রয়োজন বলে জানিয়েছে তেহরান।

ইরানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ওমানের জলসীমা ঘেঁষে হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। অর্থাৎ, নির্দিষ্ট শর্ত পূরণ হলে ওই অংশ দিয়ে জাহাজগুলো হামলার ঝুঁকি ছাড়াই চলতে পারবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ বার্তা নিয়ে বুধবার তেহরানে যান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সেখানে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেন। একই সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও অংশ নেন, এবং উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।

গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, চলমান উত্তেজনা নিরসনে আলোচনার টেবিলে ইরান একটি সম্ভাব্য সমাধান উপস্থাপন করেছে। প্রস্তাব অনুযায়ী, চূড়ান্ত সমঝোতা হলে হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে আন্তর্জাতিক জাহাজগুলোকে বাধাহীন চলাচলের অনুমতি দেওয়া হতে পারে।

রয়টার্সের বরাতে জানা যায়, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে—যদি নতুন করে সংঘাত এড়াতে একটি কার্যকর চুক্তি হয়, তবে তারা ওই নৌপথ নিরাপদ রাখতে প্রস্তুত। তবে এখনো স্পষ্ট নয়, ইরান সেখানে পেতে রাখা মাইন সরাবে কি না, কিংবা ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোকেও একই সুবিধা দেবে কি না।

সূত্র আরও বলছে, এই প্রস্তাব বাস্তবায়ন নির্ভর করছে যুক্তরাষ্ট্র ইরানের শর্তগুলো মেনে নেয় কি না তার ওপর। এ বিষয়ে হোয়াইট হাউস এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালী ঘিরে অচলাবস্থা তৈরি হয়। বর্তমানে প্রায় ২০০টি জাহাজ এবং হাজারো নাবিক পারস্য উপসাগরে আটকা পড়ে আছেন। নতুন এই প্রস্তাবকে সেই সংকট নিরসনের প্রথম দৃশ্যমান অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।