যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে- ইরান

মাত্র একদিনের বিরতির পর আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন নৌবাহিনী ইরানের বন্দর ও জাহাজের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না করায় তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

শনিবার সন্ধ্যায় দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আস্থার সংকট চরমে পৌঁছেছে। এর ফলেই গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ রাখার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার ইরান সাময়িকভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র তাদের অবরোধ নীতি বহাল রাখায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তেহরান এবং পুনরায় প্রণালিটি বন্ধ করে দেয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এখন থেকে হরমুজ প্রণালির আশপাশে কোনো বিদেশি জাহাজ প্রবেশ করলে তা শত্রুপক্ষের সহযোগিতা হিসেবে বিবেচিত হবে। এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।

এদিকে পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত সব বাণিজ্যিক জাহাজকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। তাদের বর্তমান অবস্থান থেকে নড়াচড়া না করার নির্দেশ দিয়েছে ইরান।

তেহরানের অভিযোগ, আলোচনা চালিয়ে যাওয়ার আড়ালে যুক্তরাষ্ট্র আসলে অবরোধ দীর্ঘায়িত করার কৌশল নিচ্ছে, যা দুই দেশের মধ্যে বিশ্বাসের সংকট আরও গভীর করছে।