অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে জরিমানা ১ লাখ রিয়াল

পর্যটক ভিসাধারী হজযাত্রীদের যদি কেউ বাস ভাড়া দেন কিংবা আশ্রয়ের ব্যবস্থা করেন, তাহলে ওই ব্যক্তিকে সর্বোচ্চ ১ লাখ রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ ৭০ হাজার ৫৯৯ টাকা) জরিমানা দিতে হতে পারে।

শুক্রবার এক লিখিত বিজ্ঞপ্তিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করে জানায়, হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসভবন বা অন্য যেকোনো স্থানে ভিজিট ভিসাধারী হজযাত্রীদের থাকার ব্যবস্থা করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, অনুমোদন ছাড়া কাউকে মক্কা বা অন্যান্য ধর্মীয় এলাকায় লুকিয়ে প্রবেশে সহায়তা করলেও একই ধরনের জরিমানা প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
নতুন এই নিয়মটি পুরো হজ মৌসুমজুড়ে, জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে।

দীর্ঘদিন ধরেই সৌদি সরকার হজ পালনের জন্য আলাদা হজ ভিসা বাধ্যতামূলক করে আসছে। কর্তৃপক্ষ বারবার সতর্ক করে বলেছে, অন্য ভিসায় হজ পালন করলে তা অবৈধ হিসেবে গণ্য হবে।

তবুও কিছু ব্যক্তি নিয়ম ভঙ্গ করে ভিজিট ভিসায় হজে যাওয়ার চেষ্টা করেন, যার কারণে প্রতি বছরই বহু মানুষকে ফেরত পাঠাতে হয়।

সাম্প্রতিক নির্দেশনায় সাধারণ নাগরিকদেরও সহযোগিতা চাওয়া হয়েছে। বলা হয়েছে, কেউ অবৈধভাবে হজযাত্রীদের আশ্রয় বা সহায়তা দেওয়ার তথ্য পেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।