সিলেটে সুরমা নদী তীর উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে নদীর দুই তীরে আধুনিক সৌন্দর্যবর্ধন এবং বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ করা হবে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর চাঁদনীঘাট এলাকায় এ প্রকল্পের উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী প্রকল্পের অগ্রগতি ও সার্বিক পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় সুরমা নদীর উভয় তীরেই সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি টেকসই বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে নদীভাঙন রোধের পাশাপাশি নগরবাসীর চলাচল ও বিনোদনের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনা, বিভাগীয় কমিশনার মশিউর রহমান এবং জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসএইচ











