ঈদ উপলক্ষে টিসিবির ট্রাকসেল শুরু

ঈদুল আজহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের স্বস্তি দিতে আজ ১১ মে থেকে ২১ মে পর্যন্ত ১০ দিনের জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনের পশ্চিম পাশে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির জন্য সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাক পরিচালনা করা হবে।

এর মধ্যে ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় ৫০টি, চট্টগ্রাম মহানগরী ও চট্টগ্রাম জেলায় ২০টি, অন্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

১১ মে থেকে ২১ মে পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিন ট্রাক প্রতি ৪০০ জন সাধারণ ভোক্তার কাছে পণ্য বিক্রি করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ট্রাকসেল কার্যক্রমে যে কোনো ভোক্তা পণ্য কিনতে পারবেন। প্রতি কেজি চিনি ৮০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা এবং ২ লিটার ভোজ্যতেল ১৩০ টাকা দরে বিক্রি করা হবে।

এদিকে, ঈদুল আজহা উপলক্ষে চলতি মে মাসে প্রায় ৭২ লাখ টিসিবির কার্ডধারী পরিবারের কাছে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। তবে কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে।