ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়নে দুই দেশ একমত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, ভারতের সঙ্গে পারস্পরিক স্বার্থকে সামনে রেখে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাবে।
বুধবার (২৯ জুলাই) ঢাকায় সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
ড. খলিলুর রহমান বলেন, দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। কূটনৈতিক রীতি অনুযায়ী এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ।
ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন কিনা-এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
ম্যানিলায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একমত হয়েছেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের আসন্ন বাংলাদেশ সফর প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, এটি তার প্রথম বাংলাদেশ সফর। তিনি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে ধারণা নিতে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
বেইজিংয়ের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ওয়াশিংটনের কোনো উদ্বেগ রয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো একটি দেশের সঙ্গে সম্পর্ক ভালো বা ঘনিষ্ঠ হওয়া মানে অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করা নয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ভিত্তিতে পরিচালিত হচ্ছে।
ইকোনমি/রুশ











