রোববার চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যেসব কর্মসূচিতে অংশ নেবেন

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রবিবার সকালে চট্টগ্রাম সফরে যাচ্ছেন। নতুন সরকার গঠনের পর এটিই তাঁর প্রথম চট্টগ্রাম সফর। সফরটি ঘিরে ইতোমধ্যে পুলিশ, জেলা প্রশাসন ও স্থানীয় বিএনপি দলীয়ভাবে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

সফরসূচি অনুযায়ী, ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করবেন। এরপর বেলা ১২টায় বাঁশখালী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন।

পরবর্তীতে ফটিকছড়ির নানুপুরে গিয়ে হেফাজতে ইসলামের আমীর আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হাটহাজারী বড় মাদরাসায় উপস্থিত হয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত আরেকটি পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় বিএনপি নেতাদের অর্থায়নে নির্মিত আরও ৩০টি নতুন ঘর বন্যাদুর্গত পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হবে।

সফরের শেষ অংশে সন্ধ্যায় চট্টগ্রাম নগরের হোটেল র‌্যাডিসন ব্লুতে এক বর্ধিত সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির এই যৌথ সভায় তৃণমূলের ছয় শতাধিক নেতাকর্মী সরাসরি দলীয় প্রধানের সামনে তাঁদের মতামত ও রাজনৈতিক পর্যবেক্ষণ তুলে ধরার সুযোগ পাবেন।

এস এইচ