দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি আরও ৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম দুই হিসাবে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৩১২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনের শরীরে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৬২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন।











