বার্ষিক ইনক্রিমেন্ট হবে যেভাবে নতুন পে স্কেলে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রকাশিত জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী বার্ষিক বেতনবৃদ্ধি (ইনক্রিমেন্ট) কার্যকর হবে প্রতি অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই। তবে নতুন নিয়োগ পাওয়া কর্মচারীর চাকরির মেয়াদ কমপক্ষে ছয় মাস না হলে তিনি ওই বছরের বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন না।
শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত জাতীয় বেতনস্কেল-২০২৬-এর গেজেটে বার্ষিক ইনক্রিমেন্ট, প্রথম নিয়োগে বেতন নির্ধারণ এবং অগ্রিম ইনক্রিমেন্টের বিস্তারিত বিধান উল্লেখ করা হয়েছে।
বার্ষিক ইনক্রিমেন্টের নিয়ম
গেজেট অনুযায়ী, সংশ্লিষ্ট বিধান অনুসারে প্রথমে কর্মচারীর বেতন নির্ধারণ করা হবে। এরপর প্রযোজ্য ক্ষেত্রে ১ জুলাই ২০২৬ থেকে একটি বার্ষিক ইনক্রিমেন্ট যোগ হবে। তবে নতুন নিয়োগপ্রাপ্ত কোনো কর্মচারীর কোয়ালিফাইং চাকরির মেয়াদ ছয় মাসের কম হলে তিনি ওই ইনক্রিমেন্টের সুবিধা পাবেন না।
প্রথম নিয়োগে যেভাবে বেতন নির্ধারণ হবে
১ জুলাই ২০২৬ বা তার পরে প্রথম নিয়োগ পাওয়া কোনো কর্মচারীকে সংশ্লিষ্ট পদের জন্য জাতীয় বেতনস্কেল-২০২৬-এ নির্ধারিত প্রারম্ভিক বেতন দেওয়া হবে।
তবে ৯ম গ্রেড (৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা) বা এর ওপরে সরাসরি নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে অতিরিক্ত অগ্রিম ইনক্রিমেন্টের সুযোগ রাখা হয়েছে।
কারা পাবেন এক বা দুই অগ্রিম ইনক্রিমেন্ট
একটি অগ্রিম ইনক্রিমেন্ট পাবেন:
*এমবিবিএস ডিগ্রিধারী
*ব্যাচেলর অব আর্কিটেকচার ডিগ্রিধারী
*ইঞ্জিনিয়ারিং বা সরকার স্বীকৃত সমমানের ডিগ্রিধারী চিকিৎসা অনুষদের লাইসেন্সধারী (যদি সেটি পদের ন্যূনতম যোগ্যতা হয়)
দুটি অগ্রিম ইনক্রিমেন্ট পাবেন:
ইঞ্জিনিয়ারিং বা স্থাপত্যবিদ্যায় উচ্চতর ডিগ্রিধারী
ফিজিক্যাল প্ল্যানিংয়ে সরকার স্বীকৃত ডিগ্রিধারী
আইন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী
তবে এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিগ্রি অবশ্যই ওই পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে নির্ধারিত থাকতে হবে।
বিসিএস ক্যাডারদের জন্য বিশেষ সুবিধা
জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী, বিসিএস ক্যাডারে ৯ম গ্রেডে সরাসরি নিয়োগপ্রাপ্তরা প্রারম্ভিক বেতনের সঙ্গে একটি অতিরিক্ত অগ্রিম ইনক্রিমেন্ট পাবেন।
অন্যদিকে, বিসিএস পরীক্ষায় ক্যাডার না হলেও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশে ৯ম গ্রেডের নন-ক্যাডার পদে নিয়োগপ্রাপ্তদের বেতন ৯ম গ্রেডের প্রারম্ভিক ধাপেই নির্ধারণ করা হবে।
১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত নিয়োগে বিশেষ বিধান
এই সময়ের মধ্যে প্রথম নিয়োগ পাওয়া কর্মচারীদের জন্য আলাদা একটি বিধান রাখা হয়েছে।
গেজেট অনুযায়ী, কর্মচারী যদি ৩০ জুন ২০২৬ তারিখে চাকরিতে যোগ দিতেন, তাহলে যে বেতন পেতেন, সেই বেতনের সঙ্গে নতুন পে স্কেলে নির্ধারিত বেতন ও পুরোনো বেতনের পার্থক্যের প্রযোজ্য শতাংশ যোগ করে চূড়ান্ত বেতন নির্ধারণ করা হবে।
পুরোনো কয়েকটি বিধান বহাল
গেজেটে আরও বলা হয়েছে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অগ্রিম বেতনসংক্রান্ত—
*১৯৭০ সালের শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট স্মারক,
*১৯৭৮ ও ১৯৮১ সালের অর্থ বিভাগের আদেশ,
*১৯৯৪ সালে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের প্রবেশ পদের উচ্চতর প্রারম্ভিক বেতনসংক্রান্ত নির্দেশনা এবং
*২০২১ সালের এসআরওর সংশ্লিষ্ট বিধান আগের মতোই কার্যকর থাকবে।
গুরুত্বপূর্ণ বিষয়
গেজেট অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা বা ক্যাডারভিত্তিক যে অতিরিক্ত অগ্রিম ইনক্রিমেন্টের সুবিধা দেওয়া হয়েছে, তা শুধু প্রথম নিয়োগের সময়ই প্রযোজ্য হবে। পরবর্তী সময়ে পদোন্নতির ক্ষেত্রে এই সুবিধা আর পাওয়া যাবে না।