বীমা কোম্পানির উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ পেলেন অবসরপ্রাপ্ত উপসচিব পর্যায়ের সরকারি কর্মকর্তারাও। এ বিষয়ে নতুন প্রবিধান জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
সম্প্রতি আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম স্বাক্ষরিত ‘বীমাকারীর উপদেষ্টা নিয়োগ (যোগ্যতা ও অভিজ্ঞতা) প্রবিধানমালা, ২০২৬’ গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এতে উপদেষ্টাদের যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রবিধান অনুযায়ী, দেশের বীমা খাতের উন্নয়নে সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে অথবা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন সংবিধিবদ্ধ সংস্থায় বীমা বিষয়ে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত অন্যূন উপসচিব বীমা কোম্পানির উপদেষ্টা হতে পারবেন।
প্রবিধানে আরও বলা হয়েছে, বীমা কোম্পানির উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে অবশ্যই আইডিআরএর পূর্বানুমোদন নিতে হবে। যোগ্যতা ও অভিজ্ঞতার নির্ধারিত মানদণ্ড পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন বিধিমালায় উল্লেখ করা হয়েছে, বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকলে কেউ উপদেষ্টা হিসেবে নিয়োগযোগ্য হবেন। পাশাপাশি অ্যাকচুয়ারিয়াল, চার্টার্ড ইনস্যুরেন্স, হিসাবরক্ষণ ও আর্থিক খাতের স্বীকৃত দেশি ও বিদেশি পেশাগত সনদধারীরাও নির্ধারিত অভিজ্ঞতা সাপেক্ষে উপদেষ্টা হতে পারবেন।
অ্যাকচুয়ারিয়াল ক্ষেত্রে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের স্বীকৃত ইনস্টিটিউটের ফেলো বা অ্যাসোসিয়েট, চার্টার্ড ইনস্যুরেন্স ইনস্টিটিউট (যুক্তরাজ্য), লাইফ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (যুক্তরাষ্ট্র) এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাকাডেমির সনদধারীদের জন্য সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া আইসিএবি, এসিসিএ, আইসিএমএবি, সিএফএ ও সিপিএ সনদধারীরাও উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বা রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে অধ্যাপক পদে চাকরির অভিজ্ঞতাসহ কমপক্ষে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও বীমা কোম্পানির উপদেষ্টা হওয়া যাবে।
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ বীমা কোম্পানির সিনিয়র ম্যানেজমেন্ট পর্যায়ে ছয় বছরের অভিজ্ঞতা থাকলেও উপদেষ্টা হওয়ার সুযোগ থাকবে।
প্রবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা তার পরিবারের সদস্য যদি সংশ্লিষ্ট বীমা কোম্পানির উদ্যোক্তা, শেয়ারহোল্ডার, পরিচালক বা মুখ্য নির্বাহী কর্মকর্তা হন, তাহলে তিনি উপদেষ্টা হতে পারবেন না।
এ ছাড়া ঋণখেলাপি, দেউলিয়া ঘোষিত ব্যক্তি, নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তি কিংবা মানি লন্ডারিং ও আর্থিক অপরাধে চার্জশিটভুক্ত ব্যক্তিরাও বীমা কোম্পানির উপদেষ্টা হিসেবে অযোগ্য বিবেচিত হবেন।
ব্যাংক, বীমা বা ফাইন্যান্স কোম্পানির পরিচালক, বাংলাদেশের নাগরিক নন বা স্থায়ী বাসিন্দা নন—এমন ব্যক্তিরাও উপদেষ্টা হতে পারবেন না।
উপদেষ্টা নিয়োগের জন্য জীবনবৃত্তান্ত, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ, বোর্ডের সিদ্ধান্ত এবং খসড়া চুক্তিপত্রসহ মোট আট ধরনের নথি আইডিআরএর কাছে জমা দিতে হবে। পুনঃনিয়োগের ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার অন্তত ৪৫ দিন আগে আবেদন করতে হবে। কর্তৃপক্ষ আবেদন পাওয়ার ৪৫ দিনের মধ্যে নিয়োগ বা পুনঃনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত দেবে।
প্রবিধান অনুযায়ী, একজন উপদেষ্টাকে সর্বোচ্চ তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে। পরিচালনা পর্ষদের সুপারিশ ও আইডিআরএর অনুমোদন সাপেক্ষে উপদেষ্টা সর্বোচ্চ ৭৬ বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন।
উপদেষ্টার পদ বীমা কোম্পানির স্থায়ী জনবল কাঠামোর অংশ হবে না। পারিশ্রমিক ও অন্যান্য সুবিধা পরিচালনা পর্ষদ নির্ধারণ করবে, তবে তা সংশ্লিষ্ট বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার বেতন-ভাতার চেয়ে বেশি হতে পারবে না।
এসএইচ











