আফগানিস্তানের খোস্ত প্রদেশে এক বেসামরিক বাড়িতে বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তালেবান প্রশাসন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে আফগান কর্তৃপক্ষ।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, মধ্যরাতে খোস্তের গরবুজ জেলায় এই হামলা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী । সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা বিস্ফোরণে ৯ শিশু ও একজন নারী নিহত হয়েছেন। শিশুদের মধ্যে পাঁচজন ছেলে এবং চারজন মেয়ে। হামলায় বাড়িটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে বলেও তিনি দাবি করেন।
মুজাহিদ আরও অভিযোগ করেন, শুধু খোস্ত নয় উত্তরপূর্বাঞ্চলীয় কুনার ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও বিমান হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে তাঁর দাবি।
তবে অভিযোগের বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। আফগান কর্তৃপক্ষের অভিযোগ ও পাকিস্তানের নীরব প্রতিক্রিয়া উভয়ই অঞ্চলটিতে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে বলে পর্যবেক্ষকদের মত।











