খেজুর আমদানিতে শুল্ক কমালো সরকার

আসন্ন পবিত্র রমজান মাসে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখতে ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে শুল্ক উল্লেখযোগ্য হারে কমিয়েছে সরকার।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে খেজুর আমদানিতে কাস্টমস ডিউটিসহ অন্যান্য কর ছাড়ের এই ঘোষণা দিয়েছে।

এনবিআর জানায়, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস ডিউটি (আমদানি শুল্ক) কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সরাসরি ১০ শতাংশ শুল্ক কমানো হয়েছে। এছাড়া সামগ্রিক করভার বিবেচনায় এই ছাড়ের পরিমাণ প্রায় ৪০ শতাংশের কাছাকাছি পৌঁছাবে। গত ২৩ ডিসেম্বর এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালাতেও পরিবর্তন আনা হয়েছে। খেজুরসহ সব ধরণের ফল আমদানিতে প্রযোজ্য ১০ শতাংশ অগ্রিম আয়কর কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এছাড়া গত বছরের মতো এবারও অগ্রিম আয়করে ৫০ শতাংশ ছাড় বহাল রাখা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড মনে করছে, জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে এবং বাজারমূল্য সহনীয় রাখতে সরকারের এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে। আমদানি শুল্ক ও অগ্রিম আয়করে এই বিশেষ ছাড়ের ফলে বাজারে খেজুরের সরবরাহ বাড়বে এবং সাধারণ ভোক্তারা সাশ্রয়ী মূল্যে খেজুর কিনতে পারবেন।

উল্লেখ্য, প্রতি বছর রমজানে খেজুরের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা যাতে দাম বাড়াতে না পারে, সে লক্ষ্যে সরকার আগাম এই পদক্ষেপ গ্রহণ করল।