দাম কমছে এলপিজির

খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম আরও কমতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

প্রেস সচিব জানান, এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতি প্রদান করা হয়েছে। এর পরিবর্তে এলপি গ্যাসের আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে এলপি গ্যাসের ওপর করের বোঝা কিছুটা হলেও কমবে। করভার হ্রাসের এই সিদ্ধান্তের ফলে স্থানীয় বাজারে বা খুচরা পর্যায়ে এলপি গ্যাসের দাম আরও কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।