সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আলাদা অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

সদ্য বিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের বিষয়ে আলাদা কোনো তদন্ত করবে না কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোতে তদারকির আওতায় বিভিন্ন ধরনের অনুসন্ধান চলমান রয়েছে। সেগুলোতে যদি কোনো ব্যক্তির অনিয়মের ঘটনা বেরিয়ে আসে সেক্ষেত্রে জড়িত ব্যক্তি যিনিই হন না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামীতেও ব্যবস্থা নেবে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।

আরিফ হোসেন খান বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোতে কেন্দ্রীয় ব্যাংক যেসব তদন্ত করে এর মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদ কোনো অনিয়ম কমছে কিনা- সেটিও দেখা হয়। এসব তদন্তে পরিচালনা পর্ষদের কোনো পরিচালকের বিরুদ্ধে অনিয়ম পাওয়া গেলে সেগুলোও তদন্ত করা হয়। তদন্তের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থাও নেয়। এসব তদন্তে বিদায়ি রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের কোনো অনিয়ম পাওয়া গেলে, তখন তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

মুখপাত্র আরও বলেন, মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। তাই তাকে লক্ষ্য করে ব্যক্তিগতভাবে আলাদা কোনো তদন্ত পরিচালনার পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের নেই।

ইকোনমি/রুশ