জ্বালানির দাম বাড়লেও খাদ্যপণ্যের দামে প্রভাব পড়বে না- বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বাজারে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষকে কোনোভাবেই জিম্মি হতে দেবে না সরকার।

তিনি জানান, জ্বালানির দাম বাড়লেও খাদ্যপণ্যের বাজারে এর বড় ধরনের প্রভাব পড়বে না বলে সরকার মনে করে। তবে মূল্যস্ফীতি দেখা দিলেও তার প্রভাব যেন নিম্ন আয়ের মানুষের ওপর না পড়ে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় হস্তক্ষেপ অব্যাহত রাখবে।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে। টিসিবির কার্যক্রম, ঈদ উপলক্ষে ট্রাক সেল এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে আরও বিস্তৃত করা হচ্ছে।

বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অনুমাননির্ভরভাবে যেন কোনো পণ্যের দাম না বাড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও জানান, বর্তমানে আমদানি করা পণ্যের মজুদ মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের কিছুটা ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন তিনি।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন বাণিজ্যমন্ত্রী।