কলকাতায় নির্বাচনী বিজয় উদযাপনের মিছিলে বুলডোজার বা জেসিবি ধরনের খননযন্ত্র ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ। সম্প্রতি নিউ মার্কেট এলাকায় এক ঘটনায় বিজেপি সমর্থকদের একটি বুলডোজার নিয়ে প্রবেশ এবং তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ক্ষয়ক্ষতির চেষ্টা করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি জানায় ভারতীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া।
কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ স্পষ্ট করে জানিয়েছেন, এখন থেকে কোনো রাজনৈতিক মিছিলে জেসিবি ব্যবহার করা যাবে না। নিয়ম ভঙ্গ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন।
তিনি আরও জানান, জেসিবি মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা কোনো রাজনৈতিক দলের মিছিলে তাদের যন্ত্র ভাড়া না দেন। যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে রাজনৈতিক কাজে জেসিবি ভাড়া দেন, তাহলে সেই যন্ত্র বাজেয়াপ্ত করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার, যখন শতাধিক বিজেপি সমর্থক একটি বুলডোজারসহ মিছিলে অংশ নেন। মিছিল চলাকালে বুলডোজারের স্কুপারে উঠে কয়েকজনকে দলীয় পতাকা নাড়াতে দেখা যায়। পরবর্তীতে বুধবার এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ কমিশনার জানান, মিছিল চলাকালে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, শহরে এখন থেকে বিজয় মিছিল আয়োজনের জন্য পুলিশের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি শহরজুড়ে অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চলছে বলেও উল্লেখ করেন কমিশনার।
লালবাজার সূত্রে জানা গেছে, নির্বাচনের পরও কলকাতায় ৬৫ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন রয়েছে। এর পাশাপাশি ৪০টি মোটরসাইকেল টহল দল শহরের বিভিন্ন এলাকায় সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত দুই দিনে সংঘটিত সহিংসতা ও অশান্তির ঘটনায় এখন পর্যন্ত মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।











