জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আগামীকাল সোমবার থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত বন্ধ থাকবে।
রোববার (০৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয় করা অত্যন্ত জরুরি। এই উদ্দেশ্য সফল করতে পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ৯ মার্চ থেকে ঈদের ছুটি নির্ধারিত সময় পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছুটি চলাকালীন বিদ্যুৎ সাশ্রয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিশেষ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে: দিনের বেলায় বৈদ্যুতিক বাতির বদলে প্রাকৃতিক আলো ব্যবহার করা। অপ্রয়োজনীয় ফ্যান ও লাইট বন্ধ রাখা। এয়ার কন্ডিশনার (এসি) ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে চালানো। অফিস কক্ষ ত্যাগের সময় সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ নিশ্চিত করা। করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করা।
এছাড়া সাশ্রয়ী বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার এবং সরকারি গাড়ির ব্যবহার সীমিত করার বিষয়েও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় দেশের সকল বিশ্ববিদ্যালয়কে এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।
এসএইচ











