শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বুধবার সকালে ঢাকার শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে হাজিরা দেন আব্দুল লতিফ সিদ্দিকী।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি ১০ নম্বর আসামি হিসেবে রয়েছেন।
তিনি বলেন, পুলিশ তাকে গ্রেপ্তার না করলে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে আত্মসমর্পণ করবেন। আত্মগোপনে থাকার অভিযোগ যেন না ওঠে, সে জন্যই তিনি আদালতে হাজির হয়েছেন বলেও জানান তিনি।
লতিফ সিদ্দিকী বলেন, আজ যদি আমি না আসি, তাহলে মনে করা হবে আমি আত্মগোপনে চলে গেছি। আমি সাধারণত আত্মগোপন করি না। আমি সব সময় আত্মপ্রকাশ করতে চাই। সে কারণেই আজ আদালতে এসেছি।
তিনি আরও বলেন, পুলিশ গ্রেপ্তার না করলে আগামী রোববার বা সোমবার আদালতে গিয়ে নিজেকে সমর্পণ করবেন।
এর আগে একই মামলায় গত ২৯ আগস্ট আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন ও মো. আব্দুল্লাহ আল আমিনসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে ৬ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান লতিফ সিদ্দিকী।
ইকোনমি/রুশ











