তারেক রহমান-মোদি বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে- ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে আলোচনায় বসলে দুই দেশের বিদ্যমান অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রোববার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি। দুই দেশের প্রধান একসঙ্গে হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমার পুরো আত্মবিশ্বাস আছে।

মানুষ এক আছে, সমাধান হবেই। কোনো নেতিবাচক বিষয় নেই, সব ইতিবাচক আছে।’

দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, এই সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখা প্রয়োজন। বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের সুসম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশে ভারতীয় ভিসার ব্যাপক চাহিদা রয়েছে জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, এ চাহিদা পূরণে ভিসা আবেদন কেন্দ্রের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভিসা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের খরচ কমানো এবং ভিসা দেওয়ার সক্ষমতা বাড়ানোর বিষয়েও কাজ করা হচ্ছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের আচরণ খুবই ভালো। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ভালো। এই সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখতে হবে।’

ইকোনমি/এসএইচ