হামের প্রকোপ কমছে না, ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৯৮ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০২।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ শিশুর কারও মৃত্যুই নিশ্চিতভাবে হামজনিত বলে শনাক্ত হয়নি। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে গত পাঁচ মাসে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা ৯০২-এ পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে নতুন করে ৭০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ৭২৮ শিশু। অর্থাৎ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ৭৯৮।

এই সময়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭০০ শিশুকে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৪৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৭ হাজার ৮০০ জনের হাম নিশ্চিত হয়েছে।

একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৩ হাজার ৪৯৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন।

স্বাস্থ্য খাতসংশ্লিষ্টদের মতে, প্রতিদিন নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাও অব্যাহত থাকায় পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। শিশুদের মধ্যে সংক্রমণ ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের পাশাপাশি দ্রুত রোগ শনাক্ত ও আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

ইকোনমি/ এসএইচ