সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। সংশোধিত এই বিধানের আলোকেই ভবিষ্যতে দেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।
তিনি বলেন, দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিরোধী দলের প্রার্থীও সরাসরি অংশ নিচ্ছেন। একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এই ধারা বজায় থাকা উচিত।
সংবিধান সংশোধন কমিটির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, গঠিত কমিটিতে এখনো বিরোধী দল থেকে কেউ অংশ নেয়নি। তবে সরকার সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রেখেছে এবং সময়মতো তা বাস্তবায়ন করা হবে।
তিনি স্পষ্ট করে জানান, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনসমূহ এই সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ীই পরিচালিত হবে।
বিদ্যমান সংবিধান অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দলের বিপক্ষে ভোট দিলে তাঁর সংসদীয় আসন শূন্য হয়ে যায়। এই বিধানটি নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে নানা বিতর্ক চলছে, যা সাম্প্রতিক রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে পুনরায় আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৭০ অনুচ্ছেদে সম্ভাব্য পরিবর্তন সংসদ সদস্যদের ভোটাধিকার প্রয়োগে অধিক স্বাধীনতা এনে দেবে, যা রাষ্ট্রপতি নির্বাচনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করবে।
ইকোনমি/ এসএইচ











