চাঁদপুরে ‘টেকসই উন্নয়ন ও সুশাসন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি:

 

চাঁদপুরে তরুণ সংগঠকদের নিয়ে “টেকসই উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৪ আগস্ট) চাঁদপুর প্রেসক্লাব ভবনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ, চাঁদপুর- এর যৌথ আয়োজনে এই কর্মশালা সম্পন্ন হয়।

কর্মশালায় চাঁদপুর জেলার ২৮টি স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠনের দুইজন করে প্রতিনিধি অংশগ্রহণ করেন। জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক নাঈমুল হাসান নাঈম এবং নারী ও শিশু বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা।

দিনব্যাপী এই কর্মশালায় টেকসই উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সুশাসন, সামাজিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা নিয়ে বিষদ আলোচনা করা হয়।

কর্মশালা শেষে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, এই শিক্ষণীয় ও সচেতনতামূলক আয়োজন থেকে অর্জিত জ্ঞান ভবিষ্যতে তাঁদের নিজস্ব সাংগঠনিক কার্যক্রমে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনের পক্ষ থেকে সময়োপযোগী ও প্রয়োজনীয় এ কর্মশালা আয়োজনের জন্য টিআইবি, সনাক (চাঁদপুর) এবং ইয়েস গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি আগামী দিনেও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠার যেকোনো শুভ উদ্যোগে নিজেদের সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটি।

ইকোনমি/রুশ