আইডিআরএ ৭টি জীবন বীমা কোম্পানিতে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ করেছে

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ করা হয়েছে।৭টি জীবন বীমা কোম্পানিতে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।পলিসিধারীদের বীমা দাবি দ্রুত নিষ্পত্তি ও খাতে গ্রাহকদের আস্থা পুনর্গঠনে এ বিশেষ উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার আইডিআরের সম্মেলন কক্ষে ৭টি জীবন বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীর মধ্যে ৯৪টি চেকের মাধ্যমে মোট ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সার বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

দাবি পরিশোধ করা প্রতিষ্ঠানগুলো হলো—বায়রা লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ, গোল্ডেন লাইফ, হোমল্যান্ড লাইফ, পদ্মা ইসলামী লাইফ, প্রগ্রেসিভ লাইফ ও সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স।

অনুষ্ঠানে আইডিআরের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, পলিসিধারীদের ন্যায্য দাবি সময়মতো পরিশোধ নিশ্চিত করা আইডিআরের অন্যতম প্রধান অগ্রাধিকার। বীমা খাতে জনগণের আস্থা পুনর্গঠনে দাবি নিষ্পত্তির গতি ও স্বচ্ছতা আরও বাড়াতে হবে।

তিনি বলেন, পলিসিধারীদের স্বার্থ সুরক্ষায় আইডিআরএ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।

আইডিআরএ মনে করে, বীমা দাবি পরিশোধের মাধ্যমে পলিসিধারীদের আর্থিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি বীমা খাতের প্রতি জনগণের আস্থাও বাড়বে।